*কদমতলা বাজারে স্বচ্ছতা অভিযান পুরসভার! নোংরা করলেই ২০০ টাকা জরিমানা, নজরদারিতে ড্রোন*
হাওড়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ নিল হাওড়া পুরসভা। আজ কদমতলা বাজারে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রাই। তাঁর উপস্থিতিতেই পুরসভার আধিকারিকরা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সচেতন করেন। মন্ত্রী ব্যবসায়ীদের পরিষ্কারভাবে জানিয়ে দেন, বাজারের মধ্যে কোনওভাবেই নোংরা আবর্জনা ফেলা যাবে না। বাজারের পরিবেশ পরিষ্কার রাখা সকলের দায়িত্ব।তিনি আরও ঘোষণা করেন, যারা এই নির্দেশ অমান্য করে বাজারে নোংরা আবর্জনা ফেলবেন, তাঁদের প্রথমে ২০০ টাকা করে জরিমানা করা হবে। তিনবার জরিমানার পরেও যদি কেউ একই কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন বাজারের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। ড্রোন ক্যামেরায় কোথায় আবর্জনা জমছে, কারা নোংরা করছে তার ছবি তোলা হয়। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তাঁদের মতে, বাজার পরিষ্কার থাকলে সকলেরই সুবিধা। প্রশাসন জানিয়েছে, শুধু কদমতলাই নয়, হাওড়ার অন্যান্য বাজারগুলিতেও আগামী দিনে এই ধরনের অভিযান চালানো হবে।