দমদমের প্রাক্তন উপপুরপ্রধান গ্রেফতার! তোলাবাজি এবং প্রতারণার অভিযোগে পাকড়াও তৃণমূল নেতার দুই ‘ঘনিষ্ঠও’


তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদম পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্ট। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর দুই ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টুকে। ধৃত তিনজনকেই শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দমদম থানায় তোলাবাজি ও প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রোমোটার সুজয় মজুমদার। লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বরুণ-সহ তিনজনের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।
এর পরেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকেই তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
অন্য দিকে, ধৃত নয়নাশিস দাস দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে। ফলে তাঁর গ্রেফতারি ঘিরেও স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।

Post a Comment

Previous Post Next Post