গেরুয়া শিবিরে নাম লেখালেন মানসী, কোন দায়িত্ব পেলেন অভিনেত্রী?


কখনও খলনায়িকা। কখনও বা পার্শ্বচরিত্রে দেখা যায় তাঁকে। টেলিভিশনের পর্দায় অত্যন্ত চেনামুখ। সেই মানসী সেনগুপ্তই এবার নাম লেখালেন গেরুয়া শিবিরে। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষেকের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন মানসী সেনগুপ্ত। গত বৃহস্পতিবার সে ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। রাজনৈতিক ইনিংস শুরুর দিনটি মানসীর কাছে নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি জানান, একে তো বৃহস্পতিবার ছিল উত্তম কুমার জন্মশতবর্ষে নানা অনুষ্ঠানের দিন। আবার তার উপর তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছে। তাই দিনটি সত্যিই বিশেষ। রাজনীতিতে যোগদানের পর অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান, তৃণমূলের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন না। কোনওদিন মিটিং, মিছিলে অংশ নেননি। অভিনেত্রী হিসাবে কোনও অনুষ্ঠানে অংশ নিতেন না। তাঁর দাবি, তৃণমূল সরকার কী করেছে, কার ভুল হয়েছে তা নিয়ে কোনও বিতর্কে যেতে চান না। বরং মানুষের উন্নতিতে কী করা যায়, সেটাই এখন ভাবার।

Post a Comment

Previous Post Next Post