কলকাতা: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন অবসরপ্রাপ্ত সাংবাদিকেরা মাসে ২,৫০০ টাকা পেনশন পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই অঙ্ক বেড়ে হবে ৫,০০০ টাকা। মঙ্গলবারই এই পেনশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা।
এর পাশাপাশি রাজ্যের সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। যোগ্য সাংবাদিকদের এই স্বাস্থ্যবিমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক জন সাংবাদিকের হাতে স্বাস্থ্যবিমার কার্ডও তুলে দেওয়ার কথা রয়েছে।
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিয়ে আগেই পেনশন বাড়ানোর কথা জানিয়েছিল সরকার। সেই প্রতিশ্রুতি কার্যকর করতেই এবার পেনশনের পরিমাণ ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হচ্ছে। ফলে অবসরজীবনে থাকা সাংবাদিকদের হাতে প্রতি মাসে অতিরিক্ত ২,৫০০ টাকা করে আসবে।
চলতি বছরে রাজ্য বাজেটেও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫,০০০ টাকা পেনশনের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছিল।
পুজোর আগে সাংবাদিকদের জন্য এই জোড়া ঘোষণা—এক দিকে অবসরকালীন পেনশন বৃদ্ধি, অন্য দিকে স্বাস্থ্যবিমার আওতায় আনা—তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সাংবাদিক মহলের তরফে আর্থিক ও স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি নিয়ে দাবি উঠছিল। সরকারের নতুন সিদ্ধান্তে সেই দাবির একটি অংশ পূরণ হতে চলেছে।