ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস নিয়ে আরও চাপ বাড়ল শাসকদলের উপর। দমকলের দেওয়া অফিস খালি করার নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু সেই আবেদনে আপাতত কোনও হস্তক্ষেপ করল না আদালত। শুক্রবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেওয়া হবে।
তবে আদালত দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছে। ফলে মামলার চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই থাকছে।
ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস ছেড়ে দেওয়ার জন্য বাড়ির মালিকের দেওয়া নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। গত ২৫ অগস্ট ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় থাকা তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে আদালতে জানান তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ।
সেই নোটিসে স্থগিতাদেশ মিললেও নতুন করে সমস্যা তৈরি করে দমকলের নোটিস। দমকলের দাবি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ওই অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানে থাকা মানুষজনের পাশাপাশি আশপাশের মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এই কারণ দেখিয়ে অবিলম্বে ভবনের ওই অংশ খালি করার নির্দেশ দেয় দমকল। পাশাপাশি নতুন করে প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
ফলে বাড়ির মালিকের নোটিসে আদালতের স্থগিতাদেশ থাকলেও দমকলের নিরাপত্তাজনিত নোটিসের কারণে আপাতত ওই জায়গায় পার্টি অফিস ব্যবহার করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শুক্রবার শুনানি শেষে হাই কোর্ট মামলার রায় স্থগিত রাখায় আগামী ১৬ সেপ্টেম্বরের নির্দেশের দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।