অন্ধ্রের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করল গভীর নিম্নচাপ, ৭৫ কিমি বেগে ঝড়! পুরীর সমুদ্রতটে লাল সতর্কতা জারি, নিষিদ্ধ স্নান


অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। বুধবার রাত ১১টা থেকে ১টার মধ্যে শ্রীকাকুলাম জেলার কলিঙ্গপটনমের কাছে ‘ল্যান্ডফল’ হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে। উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
গভীর নিম্নচাপটি এখন উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেটি কলিঙ্গপটনম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপের প্রভাব পড়েছে পুরীর সমুদ্রতটেও। পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শনার্থী ও পর্যটকদের জন্য লাল সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। আপাতত সমুদ্রে স্নান নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে সমুদ্রতট এলাকায় অনবরত মাইকিং চলছে। প্রশাসনের তরফে সকলকে সতর্কতা মেনে চলার এবং সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post