সীমানা নিয়ে টানাপড়েন, সমীক্ষাই হল না গ্রামে! মালদহের চাঁচলে জনগণনা থেকে বাদ ২৫ পরিবার


সরকারি পোর্টালে নিয়ম মেনে আবেদন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলেন না দায়িত্বপ্রাপ্ত এনুমারেটররা। মৌজার সীমানা নিয়ে বিভ্রাটের জেরে জনগণনার প্রথম পর্যায়ের তালিকা থেকেই বাদ পড়েছে মালদহের চাঁচল ২ ব্লকের হরো হাজরার কালোবাংরা গ্রামের প্রায় ২৫টি পরিবার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে জনগণনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করা হলেও এলাকায় সমীক্ষা হয়নি। প্রথম পর্যায়ের গণনার কাজ শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগে পড়েছেন ওই পরিবারগুলির সদস্যেরা। তাঁদের আশঙ্কা, সময়মতো সমীক্ষা না হলে জনগণনার তালিকায় তাঁদের নাম নাও উঠতে পারে।
সমস্যার দ্রুত সমাধান এবং বাদ পড়া পরিবারগুলির সমীক্ষা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবিতে মহকুমা শাসক (এসডিও) এবং চাঁচল ২-এর বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।

Post a Comment

Previous Post Next Post