গড়িয়াহাট বাজারে ইবি-র আচমকা হানা, বেশি দামে চিনি-পেঁয়াজ বিক্রির অভিযোগ, বিক্রেতাদের হুঁশিয়ারি



গড়িয়াহাট বাজারে ইবি-র আচমকা হানা, বেশি দামে চিনি-পেঁয়াজ বিক্রির অভিযোগ, বিক্রেতাদের হুঁশিয়ারি

কলকাতা: সকাল ১০টা নাগাদ গড়িয়াহাট বাজারে আচমকাই পরিদর্শনে আসে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকরা। বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচা সবজি ও মাছের দোকানে গিয়ে আচমকা নজরদারি চালান তাঁরা। বেশ কয়েকজন বিক্রেতাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

ইবি সূত্রে খবর, গড়িয়াহাট বাজারে চিনি, পেঁয়াজ-সহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। নজরদারির সময় বেশি দামে পণ্য বিক্রির তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে।

পরিদর্শনের সময় বেশ কয়েকজন বিক্রেতার কাছে পণ্য কেনার বিল চাওয়া হয়। অভিযোগ, কয়েকজন বিক্রেতা সেই বিলও দেখাতে পারেননি। কেন পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং পণ্য কোথা থেকে কেনা হয়েছে, তা নিয়েও তাঁদের কাছে জানতে চান আধিকারিকরা।

সঠিকভাবে উত্তর দিতে না পারায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয় বলে সূত্রের খবর। বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গড়িয়াহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নজরদারি আগামী দিনেও চলবে বলে ইবি সূত্রে জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post