মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই


আগামীকাল, মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুল থেকে রাজ্যের মধ্যে প্রথম ছাত্রদের মধ্যে ‘সারথি’ সাইকেল প্রদান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু কমলা রঙের সাইকেল প্রদান নয়, এদিন এই স্কুলের ছাত্রদের সঙ্গে স্কুলের মিড ডে মিলের ঘরে বসে দুপুরে মধ্যাহ্ন ভোজও করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই বিগত তৃণমূল সরকারের ছাত্রদের সবুজ সাথীর সাইকেলের নাম পরিবর্তন করে সারথি করে। সাইকেলের রঙ বদলে সবুজ থেকে কমলা করা হয়েছে। এবার হাওড়ার স্কুল থেকে এই সারথি ছাত্রদের মধ্যে বিলি করবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁদের স্কুলে আসবেন, সে কারণে সোমবার থেকেই ১৪০ বছরের এই স্কুলে সাজ সাজ রব পড়ে যায়। শিক্ষক, শিক্ষিকা, ছাত্র সকলের মধ্যেই উৎসাহ দেখা যায়। সোমবার সকালেই ওই স্কুলে গিয়ে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া ও পুলিশ কমিশনার অখিলেশ কুমার চুতুর্বেদী। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলা প্রায় ১২০০ ছাত্রের এই স্কুলে সোমবার গিয়ে দেখা গেলো স্কুলে প্যান্ডেল হওয়ার পাশাপাশি একটি ঘরে প্রচুর সারথী সাইকেল রাখা রয়েছে।
সোমবার স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বললেন, ”হাওড়া জেলায় আমাদের স্কুলের পরিকাঠামো ভালো হওয়ায় এখান থেকেই সারথী সাইকেল প্রদানের সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী প্রশাসনকে জানিয়েছেন। পাশাপাশি আমাদের স্কুলে আশ্রমের আদলে একটি সুন্দর মিড ডে মিল খাওয়ানোর ঘর তৈরি করা হয়েছে। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যায়ে একসঙ্গে ৫০ জন খাওয়ার একটি ঘর তৈরি করা হয়েছে। এই ঘরের পরিকাঠামো দেখেও মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে। তাই তিনি মঙ্গলবার দুপুরে এই মিড ডে মিলের ঘরে এসে ছাত্রদের সঙ্গে খাওয়ার পরিকল্পনা করেছেন। আমরা মুখ্যমন্ত্রী আসার জন্য সোমবার থেকেই প্রস্তুতি শুরু করেছি।’’

Post a Comment

Previous Post Next Post