আইসিডিএস কর্মীদের বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতায় বিজেপির তরফে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচি হয়েছে। আইসিডিএস কর্মীদের নিয়ে দলের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রী।
এ দিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিজেপি সরকার আসার পরেই ICDS কর্মীদের উন্নতির জন্য কাজ করেছে। তাঁদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের কথা ভেবেই তাঁদের সবাইকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সরকার, আপনাদের জন্য আগামী বাজেটে আরও ভাববে... ভরসা রাখবেন।’ ICDS সেন্টারের পরিস্থিতির উন্নতি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। যে যে ICDS সেন্টার ভাড়ায় চলছে, সেখানেও ঘর তৈরির জন্য টাকা দেওয়া হয়েছে। ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।