বঙ্গে লক্ষ্মীলাভে ইতিবাচক পদক্ষেপ! কলকাতা থেকে জাপান সরাসরি উড়ান? শিল্পমন্ত্রীর বৈঠকে আশা



এবার কি কলকাতা থেকে সরাসরি জাপানের উড়ান চালু হবে? সেই সম্ভাবনাই জোরালো হল শুক্রবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের বৈঠকে। সরাসরি বিমান চালু হলে বাণিজ্য বাড়বে। রপ্তানি ও আমদানি ক্ষেত্রের লেনদেন বাড়বে।
ট্রানজিট পয়েন্টের পাশাপাশি কলকাতা থেকে সরাসরি বিমান চালানো নিয়ে এ দিনের বৈঠকে ইতিবাচক কথা হয়েছে। রাজ্য বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এ দিন জাপানি প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য শক্তি খাতে বিনিয়োগের ব্যাপারেও প্রবল আগ্রহ প্রকাশ করেছে। আগামী বছর ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে বিশেষ খাদ্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। সেখানে থাকবে জাপানের প্রত্যক্ষ অংশগ্রহণ। জাপানের বিদেশ প্রতিমন্ত্রী সাতু আয়ানোর সঙ্গে আসা টিমের সঙ্গে কলকাতার শিল্পসদনের বৈঠকে তাপস রায় রাজ্যে বর্তমান শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। তিনি জানান, জাপানিরা যে কোনও ক্ষেত্রে লগ্নি করতে চাইলে রাজ্যের তরফে স্বাগত।
দক্ষিণ পশ্চিম এশিয়া বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর ইয়াকোতো ফুমিনোরি বলেন, “আমরা এই রাজ্যে লগ্নি নিয়ে আশাবাদী। কিছু ক্ষেত্র চিহ্নিত হয়েছে।” শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বড় কাজ করতে চায় জাপান। আরও বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা চাই জাপান রাজ্যে লগ্নি করুক।” এর আগেও জাপানের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে সেই দেশ। পুনর্নবীকরণযোগ্য শক্তিখাতে বড় লগ্নি করতে চায় তারা।

Post a Comment

Previous Post Next Post