পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মুখ্যমন্ত্রী ওমরের প্রস্তাব, প্রতিবাদে বিজেপি বিধায়কেরা


জম্মু ও কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিধানসভায় প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শুক্রবার প্রস্তাবটি বিধানসভায় ওঠার পরই তুমুল হট্টগোল শুরু হয়। বিরোধী বিজেপি বিধায়কেরা প্রতিবাদে সরব হন।
ওমরের পেশ করা প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ‘অবিলম্বে ও জরুরি ভিত্তিতে’ পুনর্বহালের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ রয়েছে।
প্রস্তাবে ২০০০ সালের ২৬ জুন এবং ২০২৪ সালের ৬ নভেম্বর জম্মু ও কাশ্মীর বিধানসভায় গৃহীত প্রস্তাবের প্রসঙ্গও টানা হয়েছে। ২০০০ সালে জম্মু ও কাশ্মীর তখন পূর্ণ রাজ্য ছিল। সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন ওমরের বাবা ফারুক আবদুল্লা। তাঁর সরকারের আমলে ২৬ জুন বিধানসভায় বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।
সেই প্রস্তাবে ১৯৫৩ সালের ৯ অগস্টের আগের অবস্থার ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের জন্য ‘বৃহত্তর স্বায়ত্তশাসন’ পুনর্বহালের দাবি জানানো হয়েছিল। নতুন প্রস্তাবে সেই পুরনো প্রস্তাবেরও উল্লেখ করেছেন ওমর।
প্রস্তাব পেশ হতেই বিজেপি বিধায়কেরা আপত্তি জানিয়ে সরব হন। ফলে বিধানসভায় উত্তেজনা তৈরি হয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি রাজনৈতিক বিতর্কের অন্যতম বিষয় হয়ে রয়েছে। ওমর আবদুল্লার সরকারের এই প্রস্তাব সেই দাবিকেই ফের বিধানসভার আলোচনার কেন্দ্রে নিয়ে এল।

Post a Comment

Previous Post Next Post