রাজ্য বিধানসভায় পাস হওয়া ‘গুন্ডাদমন’ বিলে স্বাক্ষর করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বরং বিলটি পুনর্বিবেচনার জন্য রাজ্যের কাছেই ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবিত আইনের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের বিষয়টি সামনে আসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশেই রাষ্ট্রপতি এই পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রের দেওয়া নোটে মূলত মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রস্তাবিত বিলের একটি বিধান নিয়ে আপত্তি জানানো হয়েছে। বিলের বি অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর অধীনে শাস্তিযোগ্য কোনও অপরাধ করলে, সেই অপরাধের চেষ্টা বা মদত দিলে কিংবা অপরাধীকে আর্থিক বা অন্য কোনও সুবিধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে।
এর পর ওই ব্যক্তিকে নিবর্তনমূলক আটকে রাখার যে বিধান প্রস্তাবিত বিলে রাখা হয়েছে, তা নিয়েই কেন্দ্রের আপত্তি। কেন্দ্রের বক্তব্য, এই বিধান ‘প্রিভেনশন অফ ইলিসিট ট্র্যাফিক ইন নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৮’-এর সঙ্গে সংঘাত তৈরি করছে।
১৯৮৮ সালের ওই কেন্দ্রীয় আইনে মাদক এবং সাইকোট্রপিক সাবস্ট্যান্সের অবৈধ পাচার বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিবর্তনমূলক আটকের জন্য পৃথক বিধান রয়েছে। ফলে একই ধরনের অপরাধের ক্ষেত্রে রাজ্যের প্রস্তাবিত আইনে ভিন্ন বিধান রাখা হলে আইনি সংঘাত তৈরি হতে পারে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
এই কারণেই বিলটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় রদবদলের পর ফের পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এখন কেন্দ্রের আপত্তি মেনে রাজ্য সরকার বিলটিতে কী ধরনের পরিবর্তন আনে, সেটিই দেখার।