তারাপীঠ মন্দিরে বিশেষ লাইনের জন্য টিকিট কাটতে হতো। এ বার সেই টিকিট কাটা যাবে অনলাইনেই। পর্যটকদের সুবিধার্থে তারাপীঠ মন্দির নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।
অ্যান্ড্রয়েড অথবা আইফোনে অনলাইনেই কেটে নেওয়া যাবে মা তারা দর্শনের টিকিট। বিশেষ লাইনের কাউন্টারে মোবাইলের সেই টিকিট দেখালে স্বল্প সময়েই মা তারাকে দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন বাবু সিং বলেন, ‘অ্যান্ড্রয়েড এবং IOS অ্যাপ তৈরি প্রায় শেষের দিকে। আগামী ৬ তারিখে পাইলট প্রজেক্ট হিসেবে এটির উদ্বোধন করা হবে। যার জন্য পুণ্যার্থীদের অনেকটাই সুবিধা হবে বলে আমরা আশাবাদী।’