রাজ্যে পালাবদলের পর শিল্পায়নের সংকল্প করেছে বিজেপি সরকার। আরও কর্ম সংস্থান ও শিল্প স্থাপনের অঙ্গিকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই আবহেই বাংলায় আসছেন আদানি সংস্থার কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই কথাও জানা গিয়েছে। তাহলে কি এবার আদানির হাত ধরে বাংলায় বিনিয়োগ আসবে? লক্ষ্মীবারেই কি তাহলে সুখবর পাওয়া যাবে? সেই চর্চা শুরু হয়েছে।
বাংলায় শিল্প ও বিনিয়োগে নামি শিল্পপতিরা এগিয়ে আসছেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তেমনই রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। সেই কথাও চর্চায় রয়েছে। শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখেই এবার কলকাতায় আসছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। আজ, বুধবার রাতেই তিনি শহরে এসে পৌঁছবেন। তেমনই খবর পাওয়া গিয়েছে।
শুধু তাই নয়, আগামী কাল, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির বৈঠক হবে। সেই কথাও জানা গিয়েছে। নবান্নেই ওই বৈঠক হওয়ার কথা প্রাথমিকভাবে শোনা গিয়েছে। তবে সেই বৈঠকের আগে সকালে তাজ বেঙ্গল হোটেলে রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে গৌতম আদানি বৈঠক করবেন। সেখানেই বিনিয়োগের একাধিক রূপরেখা তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাও নবান্নের অন্দরে ঘুরপাক খাচ্ছে। শহরে এসে আগামী কাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে গৌতম আদানি তাঁর কর্মসূচি শুরু করবেন। তেমনই জানা গিয়েছে।