দলীপ ট্রফির ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মহম্মদ সিরাজ। তাঁর নেতৃত্বে দক্ষিণাঞ্চলকে ট্রফি জেতাতেও পারেননি। কিন্তু তাতে আস্থা হারাচ্ছে না হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। বরং আসন্ন রঞ্জি ট্রফি মরসুমে ফের সিরাজের হাতেই তুলে দেওয়া হল নেতৃত্বের দায়িত্ব।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফে রঞ্জি ট্রফির জন্য অধিনায়ক হিসাবে সিরাজের নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় দলের তারকা জোরে বোলারকে ফের নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। তাঁর ডেপুটি হিসাবে দায়িত্ব পেয়েছেন বাঁ হাতি স্পিনার চামা মিলিন্দ। ফলে অভিজ্ঞ দুই বোলারের হাতেই থাকছে হায়দরাবাদের নেতৃত্বভার।
সিরাজের নেতৃত্ব নিয়ে অবশ্য সম্প্রতি প্রশ্ন উঠেছিল। দলীপ ট্রফির ফাইনালে তাঁর নেতৃত্বে দক্ষিণাঞ্চলকে হারিয়ে ট্রফি জেতে মধ্যাঞ্চল। ম্যাচে সিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সও তাঁর পরিচিত আগ্রাসী ছন্দে ছিল না। তবে সেই ব্যর্থতা তাঁর প্রতি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার আস্থায় কোনও প্রভাব ফেলেনি।
দলের সতীর্থদের সঙ্গে সিরাজের সম্পর্কও তাঁর নেতৃত্বের অন্যতম বড় শক্তি। নিজের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের সাফল্যেও তাঁকে বরাবর উৎসাহ দেখাতে দেখা যায়। মাঠে তাঁর আগ্রাসন এবং দলকে উজ্জীবিত করার ক্ষমতাকেও নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এ বার রঞ্জি ট্রফিতে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইবে হায়দরাবাদ। এক দিকে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, অন্য দিকে ঘরোয়া ক্রিকেটের পরিবেশ সম্পর্কে পরিচিতি— দুইয়ের মিশেলে সিরাজের নেতৃত্বে নতুন মরসুমে ভালো ফলের লক্ষ্যেই নামবে হায়দরাবাদ।
তাঁর সঙ্গে সহ-অধিনায়ক হিসাবে থাকবেন চামা মিলিন্দ। বাঁ হাতি স্পিনারও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ। ফলে দুই অভিজ্ঞ বোলারের নেতৃত্বে রঞ্জিতে হায়দরাবাদ কতটা সাফল্য পায়, এখন সেটাই দেখার।