২০২৭ সালের শুরুতেই এই লাইনে শুরু পরিষেবা, বড় খবর দিল মেট্রো রেল কর্তৃপক্ষ



কলকাতা: দীর্ঘদিন আটকে ছিল কাজ । সুরাহার খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সম্পূর্ণ হয় কাজ । চিংড়িঘাটায় মেট্রো রেলের উড়ালপুল নির্মাণের কাজ শেষ হয় । পুজোর আগেই এবার বড় সুখবর দিল মেট্রো রেল । জানিয়ে দিল, কবে থেকে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ লাইনে পরিষেবা শুরু করা সম্ভব ।
এবার যানজট এড়িয়ে নিউ গড়িয়া থেকে সোজা সেক্টর ফাইভ! পরের বছরের শুরুতে অরেঞ্জ লাইনে চালু হবে পরিষেবা, আশা মেট্রো কর্তৃপক্ষের । শেষ হল চিংড়িঘাটায় মেট্রোর লাইন পাতার কাজ । ট্রলি চালিয়ে করা হল লাইন পরীক্ষা ।
অফিস টাইমে যানজটের যন্ত্রণা পোহানোর দিন শীঘ্রই শেষ হতে চলেছে! নতুন বছরের শুরুতেই দক্ষিণেশ্বর বা নিউ গড়িয়া থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক বা হাওড়া, শিয়ালদা । অন্তত তেমনটাই আশা করছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা । দীর্ঘ জটিলতার পর শেষ হল চিংড়িহাটায় মেট্রোর লাইন পাতার কাজ ।

কলকাতা মেট্রো সূত্রে খবর, চলতি বছরেই শেষ হবে সিগন্যালিং-এর কাজ । ফলে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়ার সঙ্গে জুড়ে যাবে সেক্টর ফাইভ । মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী বছরের শুরুতেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে ।

মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া স্টেশনের পুনর্নির্মাণ শেষ হলেই সম্পূর্ণ হবে একটি জরুরি বৃত্ত । ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে আসা যাবে নিউ গড়িয়া । সেখান থেকে অরেঞ্জ লাইনে যাওয়া যাবে সেক্টর ফাইভ ।

সেক্টর ফাইভ থেকে গ্রিন লাইন থেকে যাওয়া যাবে শিয়ালদা, ধর্মতলা, হাওড়া । নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন ৩১ কিমি দীর্ঘ । কিন্তু চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশের কাজ আটকে থাকায় থমকে গিয়েছিল সব কিছু । যা নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত ।
সরকার বদলের পর পাল্টায় পরিস্থিতি । শুরু হয় কাজ । এতদিনে লাইন পাতার কাজ শেষ হল সেক্টর ফাইভ পর্য়ন্ত । শেষের পথে চিংড়িঘাটার কাজ । পরীক্ষামূলকভাবে ট্রলি চালিয়ে দেখে নেওয়ার কাজও সম্পন্ন । ২০২৭ সালের শুরুতেই এই লাইনে মেট্রো পরিষেবা চালু হতে পারে, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ ।

Post a Comment

Previous Post Next Post