এশিয়ান গেমসে হতাশ করলেন মনু, ১০ মিটার এয়ার রাইফেলে পদকই পেলেন না ভারতীয় শুটার, বুধবার তিন ব্রোঞ্জ ভারতের


অলিম্পিক্সে যে ইভেন্টে পদক জিতেছিলেন, এশিয়ান গেমসে সেই ১০ মিটার এয়ার পিস্তলেই পদকহীন মনু ভাকের। বুধবার ফাইনালে পঞ্চম স্থানে শেষ করলেন ভারতের তারকা শুটার। ফলে এই ইভেন্টে পদক পেলেন না তিনি। তবে দিনটি একেবারে পদকশূন্য থাকেনি ভারতের। স্কিট এবং সফ্‌ট টেনিস মিলিয়ে বুধবার সকালে তিনটি ব্রোঞ্জ এসেছে।
১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে ৫৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন মনু। তাঁর সঙ্গে এই ইভেন্টে ছিলেন এষা সিংহ এবং সুরুচি সিংহ। এষা ৫৭২ পয়েন্ট নিয়ে ১৫তম এবং সুরুচি ৫৬৮ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে শেষ করেন। ফলে তাঁরা কেউই ফাইনালে উঠতে পারেননি।
ফাইনালে ১৮তম শটের পরেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান মনু। সেই সময় তাঁর স্কোর ছিল ১৮১.১। তখনই পরিষ্কার হয়ে যায়, প্রথম তিনে শেষ করে পদক জেতার সম্ভাবনা নেই তাঁর। এই ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চু গিউন। রুপো ও ব্রোঞ্জ গিয়েছে চিনের দুই শুটারের দখলে।
এশিয়ান গেমসে এখনও পর্যন্ত শুটিং থেকে চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। তবে সোনা আসেনি। মনুর সামনে অবশ্য আরও একটি সুযোগ রয়েছে। ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে নামবেন তিনি। গত বার এই ইভেন্টেই সোনা জিতেছিলেন ভারতীয় শুটার।
এ দিকে, মহিলাদের স্কিটে ব্রোঞ্জ জিতেছে ভারত। রাইজা ধিলোঁ, মাহেশ্বরী চৌহান এবং পরিনাজ ধালিওয়ালের ভারতীয় দল ৩৩১ স্কোর করে তৃতীয় স্থানে শেষ করে। চিন ৩৫৭ এবং কাজাখস্তান ৩৩৬ স্কোর করে ভারতের আগে শেষ করেছে।
পুরুষদের স্কিটে অনন্তজিৎ সিংহ নারুকা, মৈরাজ আহমেদ খান এবং ভাবতেগ সিংহ গিলের ভারতীয় দল ৩৪৬ স্কোর করেছে।
সফ্‌ট টেনিসেও এল ভারতের আরও একটি ব্রোঞ্জ। সেমিফাইনালে উঠেই পদক নিশ্চিত করেছিলেন জয় মিনা। শেষ চারে জাপানের তাকুয়া কুরোসাকার কাছে ২-৪ সেটে হেরে যান তিনি। এর আগে ফিলিপিন্সের শেরউইন নুগুইতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন মিনা। তার আগে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের আরাইন হুসেনকে ৪-০ সেটে হারান তিনি।
মধ্যপ্রদেশের মিনা এর আগে জাতীয় গেমসে সোনা জিতেছেন। গত দু’বার এশিয়ান গেমসে অংশ নিলেও পদক পাননি। এ বার সেই অপেক্ষার অবসান হল। এশিয়ান গেমসের সফ্‌ট টেনিসে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনিই।

Post a Comment

Previous Post Next Post