ফের কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা, শুরু উদ্ধারকাজ
কলকাতার শ্যামপুর থানা এলাকায় রাজা নবকৃষ্ণ স্ট্রিটে আবারও পুরনো বাড়ি ভেঙে পড়ল। বাড়িটিতে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল অনেক দিন আগেই। বাড়িতে বিপজ্জনক বোর্ডও টাঙিয়ে দিয়ে গিয়েছিল কলকাতা কর্পোরেশন। তা সত্ত্বেও বাড়িতে থাকতো কয়েক জন। শুক্রবার দুপুরে বাড়িটি আচমকা ভেঙে পড়ে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। পৌঁছেছে কলকাতা কর্পোরেশনের টিমও। ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ। ঘটনাস্থলে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম গিয়ে উপস্থিত হয়েছে। একই সঙ্গে উপস্থিত হয়েছে দমকল বাহিনী। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে আহত বা কেউ মারা গেছে কিনা এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। জায়গাটিকে পুরো ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।