পশ্চিমবঙ্গে বাড়ছে সরকারি বাস, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা
পশ্চিমবঙ্গে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত পরিবহণ দফতরের। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর মধ্যে রাজ্যে আরও নতুন ও এসি বাস নামানো হবে। আগামী মার্চের মধ্যে প্রায় ১,০০০টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সরকারি বাস পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পরিবহণ দফতর। বিশেষ করে, মহিলারা অনেক সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেও সরকারি বাস দাঁড়াচ্ছে না—এমন অভিযোগ সামনে এসেছে। এই ধরনের অভিযোগ খতিয়ে দেখতে কন্ডাক্টরদের শরীরে বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বিভিন্ন পরিবহণ সংস্থার জন্য দেওয়া হয়েছে যোগাযোগের নম্বর—
NBSTC (উত্তরবঙ্গ): ৯০৪৬২২৯০২৫
SBSTC (দক্ষিণবঙ্গ): ৭৬৯৯৯৯৩৯৩০
CTC/ইবিএসটিসি: ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১
West Bengal Surface Transport: ৯৪৩২৫৯৭০৯৮
এছাড়াও দূরপাল্লার বাস এবং বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের মতো রাজ্যের সঙ্গে বাস চলাচল নিয়ে চুক্তি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ওই রাজ্যগুলিতে বাস চলবে এবং বাসগুলিতে ‘পশ্চিমবঙ্গ’ লেখা থাকবে।
বেকার যুবকদের জন্য কম খরচে বাস পারমিট এবং ছোট অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিবহণ ক্ষেত্রে প্রায় ৪.৩৫ কোটি টাকার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
অন্যদিকে, ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাবগুলিকে অবিলম্বে কমার্শিয়াল নম্বর প্লেট করতে হবে। এর জন্য এক মাসের সময়সীমা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে বিষয়টি জানানো হয়েছে।
কলকাতায় ট্রাম পরিষেবা পুনরায় চালু করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বেলারুশ ও মেলবোর্ন থেকে বিভিন্ন সংস্থা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।