ফের দাম বাড়ল একাধিক জনপ্রিয় সিগারেটের। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়িয়েছে আইটিসি। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন দামের পণ্য বাজারে আসতে শুরু করেছে। এর ফলে ‘ক্লাসিক কানেক্ট’ এবং ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর মতো ব্র্যান্ডের ক্রেতাদের খরচ আরও বাড়ল।
জানা গিয়েছে, ‘ক্লাসিক কানেক্ট’-এর ২০টি সিগারেটের প্যাকেটের দাম ৩৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪২৮ টাকা। অর্থাৎ, দাম বেড়েছে প্রায় ৯.৭৪ শতাংশ। অন্য দিকে, ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর ১০টি সিগারেটের প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৯ টাকা। এই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার প্রায় ১২.৬৬ শতাংশ।
চলতি বছরে কর কাঠামোয় পরিবর্তনের পর সিগারেটের দাম একাধিক বার বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট-সহ তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি এবং নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কাঠামো কার্যকর হয়। করের বাড়তি চাপ সামাল দিতে এরপর বিভিন্ন ব্র্যান্ডের দাম বাড়িয়েছিল আইটিসি-সহ একাধিক সংস্থা।
ফেব্রুয়ারিতে ‘ক্লাসিক কানেক্ট’-এর দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে প্রথমে ৩৬০ এবং পরে ৩৯০ টাকা করা হয়েছিল। একই সময়ে ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর দাম ৫৯ টাকা থেকে বেড়ে হয়েছিল ৭০ টাকা। পরবর্তী সময়ে কম দামের এবং ছোট প্যাকেটের একাধিক সিগারেটের দামও বাড়ানো হয়।
তবে কয়েক মাসের ব্যবধানেই ফের মূল্যবৃদ্ধি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের দাম বাড়ানোর পিছনে নতুন কোনও কর কাঠামো নয়, বরং সংস্থার মূল্য পরিবর্তনের ধারাবাহিকতাকেই কারণ বলে মনে করা হচ্ছে। দাম বৃদ্ধির ফলে এক দিকে যেমন ধূমপায়ীদের পকেটে অতিরিক্ত চাপ পড়বে, তেমনই বিক্রির পরিমাণের উপরও এর প্রভাব পড়ে কি না, সে দিকে নজর থাকবে শিল্পমহলের।