এখনও নিখোঁজ বাংলার ৩৭, DNA ম্যাচিংয়ের জন্য শুরু রক্তের নমুনা সংগ্রহ


নেপালে বিপর্যয়ের পরে এখনও নিখোঁজ বাংলার ৩৭ জন। এর মধ্যে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানসরোবর বেড়াতে গিয়েছিলেন ৩০ জন পর্যটক। ওই সংস্থার দুই ম্যানেজারের খোঁজও মেলেনি বৃহস্পতিবার পর্যন্ত। সরকারি হিসেবে সব মিলিয়ে নেপালের উদ্ধারকারী দল ১,২৫২টি দেহ উদ্ধার করেছে, এখনও নিখোঁজ ৪,২১৬ জন। এত মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা না–থাকায় সেগুলি গণ–সৎকারের আগে ডিএনএ সংরক্ষণ করে রাখছে নেপাল প্রশাসন।

কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছিল, এ দেশের বিভিন্ন রাজ্য থেকে নেপালে গিয়ে যে পর্যটকরা নিখোঁজ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ প্রোফাইলিং ই–মেলে নেপাল প্রশাসনের কাছে পাঠানো যেতে পারে অথবা ফিজ়িক্যালি গিয়েও ডিএনএ–তথ্য দিতে পারেন তাঁরা। সেই মতো বাংলায় কয়েকজন নিখোঁজের পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন নেপালের উদ্দেশে। আবার সেই প্রয়াসের অঙ্গ হিসেবে বাংলা থেকে নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে।

Post a Comment

Previous Post Next Post