দুর্গাপুজোয় ভিড় সামাল দিতে প্রস্তুত শিয়ালদহ ডিভিশন। ভিড় নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে বাড়তি সতর্কতা। শিয়ালদহ ডিভিশনের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পঞ্চমী থেকে দশমী শিয়ালদহ স্টেশনের পার্কিং এলাকা বন্ধ থাকবে। এই ক’দিন শিয়ালদহ স্টেশনে ডিজিটাল লকার পরিষেবা বন্ধ থাকবে। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলবে স্টেশন চত্বরে। উৎসবের দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা ডিভিশনাল।
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট হোল্ডিং এরিয়া থাকবে। অতিরিক্ত ভিড় এড়াতে এবং যাত্রী চলাচলের জন্য প্ল্যাটফর্মগুলিতে যথাযথ পৃথকীকরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পর্যাপ্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মী মোতায়েন নিয়েও আলোচনা হয় বৈঠকে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা বাড়াতে ২৭০ জন প্রাক্তন সেনাকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (RPSF)-এর অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে। অতিরিক্ত গাড়ির চাপ থাকবে, এমন লেভেল ক্রসিং গেটগুলিতে পর্যাপ্ত RPF কর্মী মোতায়েন করা হবে।
গুরুত্বপূর্ণ স্থানের ফুট ওভার ব্রিজগুলিতেও RPF কর্মীদের পাশাপাশি স্কাউটস অ্যান্ড গাইডস, সিভিল ডিফেন্স মোতায়েন করা হবে। যেসব স্টেশনে যাত্রীসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে চিকিৎসাকেন্দ্র ও অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখা হবে। সার্বিক পরিস্থিতির উপর নজরদারি চালাতে সমগ্র ডিভিশনকে বিভিন্ন স্টেশনের ভিত্তিতে ১১টি নোডাল পয়েন্টে ভাগ করা হয়েছে। পাশাপাশি, ডিভিশনের সমস্ত স্টেশনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ওয়ার রুম চালু রাখা হবে। জরুরি পরিস্থিতিতে বা তাৎক্ষণিক সহায়তার প্রয়োজনে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীরা শিয়ালদহ ডিভিশনের ওয়ার রুমের ৯১৪৭৯০৬৭৭৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সমস্ত অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং মোবাইল UTS পরিষেবা সচল থাকবে পুজোর দিনগুলিতেও। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিকিট বুকিং কাউন্টারও চালু করা হবে।