শহরজুড়ে হোর্ডিং, রাস্তায় গর্ত! দৃষ্টি আকর্ষণ শমীকের, বার্তা পুর–কমিশনারকে



শহরের দৃশ্যদূষণ দূর করতে কলকাতার পুরকমিশনার স্মিতা পাণ্ডেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার মল্লিকবাজারের ‘ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা’ (আইএনকে) হাসপাতালে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শমীক। সেই অনুষ্ঠানে বক্তাদের তা‍লিকায় ছিলেন স্মিতাও। সেখানে গোটা কলকাতা ছেয়ে ফেলা হোর্ডিং এবং রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে স্মিতাকে তৎপর হওয়ার বার্তা দেন শমীক।

কলকাতার রাস্তায় হোর্ডিংয়ের দৌরাত্ম্য নিয়ে আগেও শমীককে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। কেন ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’— সেই প্রশ্নও একাধিকবার তুলেছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে শমীক বলেন, ‘সরকার আসবে, সরকার চলে যাবে। কিন্তু আধিকারিকরা থাকবে‍ন।’ এরপরে পুর–কমিশনারের বক্তৃতার তারিফ করে শমীক বলেন, ‘স্মিতাদেবী খুব সুন্দর ভাবে বলছিলেন আধ্যাত্মবাদের কথা। তবে ওঁর কাছে আমার একটা আর্জি আছে।’ তাঁর সংযোজন, ‘কিছু দিন আগে একটা নিবন্ধে পড়েছিলাম যে, স্নায়ুরোগের একটা অন্যতম কারণ দৃশ্যদূষণ, যা কলকাতা শহরে প্রবল। চারদিকে শুধু হোর্ডিং। এটাও কিন্তু স্নায়ুরোগের একটা কারণ। আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করব, এক জন আমলা হিসেবে আপনি বিষয়টি দেখবেন।’

শমীকের মতে, শহরজুড়ে এই হোর্ডিংয়ের দাপটে দৃশ্যদূষণ তো হচ্ছেই, এমনকী কলকাতা পুরসভা আর্থিক ভাবে লাভবান হচ্ছে— এমনটাও নয়। এ প্রসঙ্গে ওডিশার রাজধান‍ী ভুবনেশ্বরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘হোর্ডিং থেকে কলকাতা পুরসভার আয় ২৭ কোটি টাকা। আর কলকাতার পাঁচ ভাগের এক ভাগ ছোট্ট শহর ভুবনেশ্বরে হোর্ডিং থেকে বার্ষিক আয় ৫১ কোটি টাকা আয় করে!’ কলকাতাকে হোর্ডিং সমস্যা থেকে মুক্ত করতে পুর–কমিশনারই পারেন বলে শমীকের দাবি।

কলকাতার রাস্তার বেহাল দশার বিষয়টিও স্মিতার নজরে আনেন বিজেপির এই রাজ্যসভা সাংসদ। পুর–কমিশনারের উদ্দেশে তিনি বলেন, ‘পুজোর আগে রাস্তায় অনেক গর্ত। এটা আপনাকে এখন দেখতে হবে। কারণ, এটা টপ অফ দি টাউন।’

কলকাতার পুর–কমিশনারের উদ্দেশে শাসকদলের রাজ্য সভাপতির এই আর্জির আড়ালে আদতে নির্দেশ রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা। তবে শমীক এই সংস্কৃতির ঘোর বিরোধী। অতীতে তিনি একাধিকবার বলেছেন, ‘আমি দলের প্রতিনিধি, সরকারের কেউ না। আমি পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দিতে পারি। কিন্তু কোনও কিছু চাপিয়ে দিতে পারি ন‍া সরকারের উপরে।’ এ দিন কার্যত তারই পুনরাবৃত্তি করে স্মিতা পাণ্ডের উদ্দেশে শমীক বলে‍ন, ‘আমি পার্টি, আমি সরকার নই। আমি বড়জোর আপনাকে দু’–একটা টেলিফো‍ন করতে পারি। এর থেকে বেশি কিছু করতে পারব না। সরকারকে নির্দেশ দিতে পারি না। কিন্তু নিঃসন্দেহে যে অবস্থা আছে, তার থেকে একটু ভালো করা যায়।’ অতীতে একই মনোভাব ব্যক্ত করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি নিজে শহরের রাস্তায় গর্তগুলিকে চিহ্নিত করে দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post