ভুয়ো চিকিৎসক রুখতে নিয়োগের আগেই নথি যাচাই বাধ্যতামূলক



ভুয়ো চিকিৎসক নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ক্লিনিকে চিকিৎসক নিয়োগের আগে তাঁদের রেজিস্ট্রেশন ও যোগ্যতার নথি যাচাই বাধ্যতামূলক করল স্বাস্থ্য দপ্তর। বৈধ রেজিস্ট্রেশন বা চিকিৎসা করার যোগ্যতা চার দফায় যাচাই না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তিকে চিকিৎসক হিসেবে নিয়োগ করে কাজ বা ওষুধ প্রেসক্রাইব করতে দেওয়া যাবে না। বুধবার একটি আদেশনামায় এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।

সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্সিং কর্তৃপক্ষকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির রেজিস্ট্রেশন, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় শংসাপত্র যাচাই করতে হবে। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের সংশ্লিষ্ট বিধি মেনেই এই প্রক্রিয়া চালাতে হবে। কোনও চিকিৎসকের পরিচয়, যোগ্যতা বা রেজিস্ট্রেশন নিয়ে সন্দেহ দেখা দিলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করতে হবে।

স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের গত ১৬ সেপ্টেম্বরের নির্দেশ। রাজ্য সরকারের বিরুদ্ধে সুজিত বিশ্বাস নামের জনৈক ব্যক্তির রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রোগীরা যাতে অননুমোদিত চিকিৎসকের হাতে চিকিৎসা না পান, তা নিশ্চিত করতেই আদালতের নির্দেশে এই ব্যবস্থা বলে দপ্তরের নথিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত চিকিৎসা চালানোর বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ রেজিস্ট্রেশন ছাড়া কেউ চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করলে বা চিকিৎসা পরিষেবা দিলে, তা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। এমন কোনও ঘটনা চিহ্নিত হলে স্বাস্থ্য দপ্তরকে অবিলম্বে বিষয়টি রিপোর্টও করতে হবে।

স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে বলেন, ‘আমাদের সদস্যদের মাধ্যমে নৈতিক চিকিৎসা-চর্চা বজায় রাখা ও তা উৎসাহিত করার জন্য আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনও ক্ষেত্রে নিয়ম না মানার ঘটনা চিহ্নিত করতে সরকারকেও আমরা সহযোগিতা করব।’ একই সঙ্গে তাঁরা দাবি জানিয়েছেন যাতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল ও তার পদাধিকারীদের বিরুদ্ধে ওঠা ভুয়ো চিকিৎসক-কাণ্ডের স্বাধীন তদন্ত হয়। লক্ষ্য, এই ভুয়ো চিকিৎসকদের হাতে নিরপরাধ মানুষের প্রাণহানি যাতে ঠেকানো যায়।

এর আগে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল পাঁচজনের রেজিস্ট্রেশন বাতিল করেছিল। অভিযোগ ছিল, বিহারের ভুয়ো চিকিৎসা-শংসাপত্র ব্যবহার করে তাঁরা এ রাজ্যে রেজিস্ট্রেশন নিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে চিকিৎসকদের রেজিস্ট্রেশন যাচাই ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। অন্য রাজ্যের মেডিক্যাল কলেজ থেকে পাশ করে এ রাজ্যে চিকিৎসা করছেন, এমন চিকিৎসকদের নথি পুনর্যাচাইয়ের উদ্যোগের কথাও জানানো হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post