পথে জনজোয়ার, কড়া নজরদারি পুলিশের, পঞ্চমীতে আইন ভেঙে কতজন গ্রেপ্তার কলকাতায়?


পুজোর নিরাপত্তায় কড়া নজরদারি কলকাতার রাস্তায়। বিপুল সংখ্যায় পুলিশ কর্মী নামানো হয়েছে মহানগরের রাস্তায়। পঞ্চমীর রাতেই আইনভঙ্গের জন্য বিপুল সংখ্যায় গ্রেপ্তারি হয়েছে বলে খবর। ষষ্ঠীর থেকে মহানগরে ভিড় আরও বাড়বে। নিরাপত্তা ও নজরদারিতে কোনওরকম ফাঁক রাখা হবে না। সেই বার্তা দিয়েছে লালবাজার। পঞ্চমীর দিন কলকাতায় ৩৩৪ জন গ্রেপ্তার হয়েছে।
পুজোর নিরাপত্তায় গোটা কলকাতাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। লালবাজার থেকেও মনিটরিং চলছে। চতুর্থী থেকেই পুজো মণ্ডপগুলিকে ভিড় দেখা গিয়েছে। পঞ্চমীতে সেই ভিড় আরও বেড়েছে। কলকাতা পুলিশের সূত্রে জানা গিয়েছে, বাইক নিয়ে স্টান্টবাজি করার অভিযোগ আসে। একটি বাইকে দু’জনের বেশি সওয়ারি থাকতে পারবে না। সেই নির্দেশ জারি রয়েছে। তিনজন যাত্রী সওয়ারি হওয়ার জন্য ৩৫ জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
হেলমেট না থাকার জন্য মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিপদ্দজনক, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য ৬৫ জন পাকড়াও। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৬১ জন। এছাড়াও অন্যান্য অভিযোগে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পঞ্চমীতে প্রায় সাড়ে তিনশো জন গ্রেপ্তার হয়েছেন। নারীদের সুরক্ষার জন্য বিশেষ নজরদারি রয়েছে পুলিশের তরফে। পুজোর সময় যাতে ভিড়ের মধ্যে মহিলাদের সম্ভ্রমহানি না হয়, সেদিকেও নজর রেখেছে কলকাতা পুলিশ।
কলকাতায় এবার ৪০০-রও বেশি পুজো বেড়েছে। এই বছর পুজোর সংখ‌্যা ২,৯৮১টি। শহরের প্রত্যেক ডিভিশনেই গড়ে দশ থেকে ১৫টি করে ছোট মণ্ডপে থাকছে পুলিশি ব‌্যবস্থা। কোনওটিতে সার্জেন্ট বা কোনওটিতে এএসআই-এর আওতায় থাকছেন চার থেকে আটজন পর্যন্ত পুলিশকর্মী। নিরাপত্তার জন‌্য শহরে মোতায়েন করা হচ্ছে দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, দশটি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পিসিআর মোবাইল ভ‌্যান। এই টহলদার গাড়িগুলি ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে। কোনও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা যদি ঘটে, দমকলের গাড়িকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন‌্য এসকর্ট করবে পুলিশের গাড়ি। কলকাতা পুলিশের তিনটি লঞ্চ ১৫টি ঘাটে ঘুরে টহল দেবে।

Post a Comment

Previous Post Next Post