জেহাদি পাইলটদের নজরে ভারতও! দিল্লিকে সতর্ক করল ইজরায়েল, নিরাপত্তা বাড়ছে দমদমেরও



ফ্লাই দুবাইয়ের ইজরায়েলগামী বিমানের ককপিটের ঘটনায় শিউরে উঠেছে বিশ্ব। আর এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার সতর্ক করছেন নতুন ‘কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসী হামলার ঢেউ’ সম্পর্কে। তাঁর আশঙ্কা, প্রশাসন ও নিরাপত্তা এজেন্সিগুলির তুলনায় আরও দ্রুত নিজেদের ‘শক্তিশালী’ করে তুলতে চাইছে জঙ্গিরা। এমতাবস্থায় দমদম-সহ দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা বাড়ছে।
ঠিক কী বলেছেন আজার? সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সন্ত্রাসবাদীরা আমাদের চেয়ে দ্রুতগতিতে কাজ করছে! আর তাই আমাদেরও ওদের চেয়ে দ্রুত হতে হবে। আমাদের তৎপর ও সতর্ক থাকা দরকার। পরবর্তী ঢেউয়ের চেয়ে এগিয়ে থাকতে হলে আমাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। আর সেই পরবর্তী ঢেউ আসবেই।” এদিন ইজরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্ণ হল। সেই প্রেক্ষিতেই সকলকে সতর্ক করছে তেল আভিভ।

এদিন আজার এও বলেন যে, সেই সময় হামাসের যে ‘কীর্তি’, তা উৎসাহিত করেছিল বাকি জঙ্গি সংগঠনগুলিকেও। এমনকী, পহেলগাঁও হামলার নেপথ্যেও হামাসের হামলার একটা প্রভাব রয়েছে সেকথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে খবর মিলেছিল, বাংলার মাটিতে ক্রমশ জাল ছড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (জেএমবি)! খবর পেয়ে তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এদিন আজারের কথায় যেন সেই প্রসঙ্গও ছায়া ফেলে গেল।

Post a Comment

Previous Post Next Post