নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ নিম্নমানের! একটি ল্যাবরেটরি পরীক্ষার পর এই ঘোষণা করে ভারতের খাদ্য নিরাপত্তা দপ্তর। FSSAI-এর প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নমুনাটি নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত ‘মেসার্স ভারত হোটেলস লিমিটেড’ থেকে সংগ্রহ করা হয়েছিল। সেই নতুনা পরীক্ষার পরই এই তথ্য হাতে পায় খাদ্য নিরাপত্তা দপ্তর।
খাদ্য বিশ্লেষক গবেষণাগারে নেসলে ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’-এর নমুনা পরীক্ষা করে সেটিকে ‘খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬’-এর বিধান অনুযায়ী নিম্নমানের বলে গণ্য করা হয়েছে। বিশ্লেষণের ফলাফল খাদ্য ব্যবসায়ী কর্তৃপক্ষকেও জানানো হয়। এছাড়া, তথ্যসূত্র ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরীক্ষাগারের বিশ্লেষণ প্রতিবেদনের একটি কপিও দেওয়া হয় নেসলে সংস্থাকে। এরপর FSSAI নিয়ম-বহির্ভূত নেসলের ওই পণ্যটির বিষয়ে ভারত হোটেলস লিমিটেডকে একটি নোটিশ জারি করা হয়েছে।
পাশাপাশি, ওই খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চিহ্নিত পণ্যটির বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। উপভোক্তাদের উদ্দেশেও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তারা যেন এসংক্রান্ত সরকারি তথ্য মেনে চলেন। কোনও পণ্য (বিশেষ করে প্রভাবিত ব্যাচের পণ্য) কেনা বা খাওয়ার আগে সেটির তথ্য যাচাই করার আবেদনও জানানো হয় ক্রেতাদের। এই ঘটনাটি প্যাকেটজাত খাদ্যপণ্য পরীক্ষা এবং নির্ধারিত নিরাপত্তা ও গুণমানের মানদণ্ড পূরণে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।