গাড়ির ফিটনেস ‘ফেল’ করলেই ধরে ফেলবে ক্যামেরা! মা উড়ালপুলে এবার ডিজিটাল নজরদারি



শুধু ট্রাফিক আইন ভাঙা নয়। এবার গাড়ির জরুরি নথি নিয়ে অনিয়ম রুখতে ডিজিটাল নজরদারির পথে কলকাতা ট্রাফিক পুলিশ। মা উড়ালপুলে (Maa Flyover) শুরু হতে চলেছে এই ব্যবস্থার পাইলট প্রকল্প। এই বিষয়ে কলকাতা পুলিশ ও ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-র মধ্যে চুক্তি হয়েছে। ফলে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করেই সংশ্লিষ্ট গাড়ির নথিপত্রের রিয়েল টাইম তথ্য পাওয়ার ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ।
পুলিশ জানিয়েছে, মা উড়ালপুল দিয়ে যাতায়াতকারী গাড়ির নম্বর প্লেট এএনপিআর (অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন) ক্যামেরার মাধ্যমে স্ক্যান করা হবে। সেই নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির সরকারি রেকর্ড মিলিয়ে দেখা হবে। গাড়িটির পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট (পিইউসি) এবং ফিটনেস সার্টিফিকেট বৈধ রয়েছে কি না, তা জানা যাবে এই ব্যবস্থায়। কোনও গাড়ির পিইউসি বা ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গেলে এই পদ্ধতির মাধ্যমে তা চিহ্নিত করা হবে। এর পর সংশ্লিষ্ট গাড়ির মালিকের কাছে অনলাইনে জরিমানা বা ই-চালান পাঠানোর ব্যবস্থা থাকবে। ফলে নথি পরীক্ষা করার জন্য রাস্তায় গাড়ি দাঁড় করানোর প্রয়োজন অনেকটাই কমবে। ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, প্রাথমিকভাবে মা উড়ালপুলেই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এএনপিআর ক্যামেরা, রিয়েল টাইম তথ্য সংগ্রহ এবং অনলাইন জরিমানার গোটা প্রক্রিয়া খতিয়ে দেখা হবে পাইলট প্রকল্পে। ব্যবস্থা সফল হলে কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা ও উড়ালপুলেও তা চালুর পরিকল্পনা রয়েছে পুলিশের।
এদিকে, মা উড়ালপুলে গাড়ি বিকল হয়ে বারবার যানজট তৈরির সমস্যার মোকাবিলাতেও ব্যবস্থা বদলেছে ট্রাফিক পুলিশ। আগে উড়ালপুলে তিনটি কাট-আউট পয়েন্ট ছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে। কোনও গাড়ি আচমকা বিকল হলে সেটিকে মূল ট্র্যাফিক লেন থেকে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হবে ওই কাট-আউটগুলি। ফলে বিকল গাড়ির কারণে যাতে যানজট না হয়, সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post