‘গণ অনুষ্ঠানে ধাপ্পাশ্রী দেওয়া হোক’, নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙা’ নিয়ে কটাক্ষ ঋতব্রতর



প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধাপ্পাশ্রী ‘পুরস্কার’ দেওয়ার দাবি জানালেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। শুধু তাই নয়, ব্রিগেডে গণঅনুষ্ঠান করে তাঁর হাতে এই পুরষ্কার দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন ঋতব্রত। তাঁর কথায়, “রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, ড. ব্যানার্জিকে ডেকে ধাপ্পাশ্রী পুরস্কার তুলে দেওয়া হোক।”
একুশের বিধানসভা নির্বাচনের আগে পায়ে চোট নিয়ে ‘নাটক’ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্ট প্রমাণ হিসাবেও তুলে ধরেন তিনি। এই ঘটনার ফের নতুন করে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তাই সেখানে আপাতত নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে। ভোট মিটলেই তদন্ত হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মমতাকে যেন ধাপ্পাশ্রী পুরস্কার দেওয়া হয়। অন্য কোথাও নয়, ব্রিগেডে গণ অনুষ্ঠান করে যেন এই পুরস্কার তাঁর হাতে তুলে দেয় রাজ্য সরকার।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলে জেলায় জেলায় দাপিয়ে বেড়াচ্ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন কুড়ি আগে নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা। তাঁর পা ভেঙে গিয়েছিল বলেই জানা যায়। তারপর প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে বসেই বাকি নির্বাচনী প্রচার সেরেছিলেন তিনি। সে সময় প্রচারমঞ্চে হুইলচেয়ারে বসে ফুটবল ছুড়ে স্লোগান তুলেছিলেন, ‘ভাঙা পায়েই খেলা হবে।’
রবিবার নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচারে গিয়ে মমতার পা ভাঙা প্রসঙ্গ উত্থাপন করেন শুভেন্দু। তিনি বলেন, “ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। ওঁর ডাক্তাররাই লিখেছিল নো ফ্র্যাকচার।” সেইমতো শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠকে ‘প্রমাণ’ তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

Post a Comment

Previous Post Next Post