নজরুল উৎসবেও দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নয়া অভিযোগ



প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) ঘিরে নানা দুর্নীতি-বিতর্ক অব্যাহত। রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে দুর্গাপুজোর পাস বিক্রি, বাংলা মোদের গর্ব প্রকল্পে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছে। এবার নজরুল মহোৎসব পালনকে কেন্দ্র করেও উঠল দুর্নীতির অভিযোগ। ২০২৫ সালের পর ২০২৬ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব অনুষ্ঠানের খরচের অঙ্ক নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্য মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে সেই অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর।

২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব পালন করা হয়। সেই সময় রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্দ্রনীল সেন। সেই অনুষ্ঠানে খরচ দেখানো হয়েছিল ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা। রাজ্যে পালা বদলের পর সেই অনুষ্ঠান পালন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে। এবছর এই অনুষ্ঠান করতে সরকারি খরচ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে একই অনুষ্ঠানে বিপুল অর্থের ফারাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ইন্দ্রনীল সেনের আমলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নজরুল মহোৎসবের খরচ ঘিরেও দুর্নীতি হয়েছে। তৎকালীন মন্ত্রীর পাশাপাশি দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের নামও।


Post a Comment

Previous Post Next Post