বালুরঘাট থেকে মায়াপুর যাওয়ার জন্য ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে। তবে, রেলপথে বালুরঘাট থেকে মায়াপুর যেতে অনেক সময় লাগে। কম সময়ে বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত যেতে তাই দীর্ঘদিন ধরেই সরকারি বাসের দাবি ছিল স্থানীয়দের। অবশেষে স্থানীয়দের সেই দাবি মেনেই সোমবার থেকে বাস পরিষেবা শুরু হয়েছে।
এ দিন সকালে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় এই বাস পরিষেবার সূচনা করেন। এ ছাড়াও, উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সভাপতি সন্দীপ সরকার, স্থানীয় সমাজকর্মী বাপি সরকার-সহ অনেকেই উপস্থিত ছিলেন।
কখন চলবে এই বাস?
জানা গিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট থেকে ছাড়বে বাস। ওই দিন বিকেল পাঁচটায় বাসটি মায়াপুরে পৌঁছবে। আবার পরের দিন সকাল সাতটায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশে বাস রওনা দেবে। বিকেলের মধ্যে বালুরঘাটে পৌঁছবে বাসটি। বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত মোট ২১টি জায়গায় স্টপেজ দেবে বাসটি।
কত ভাড়া এই বাসের?
জানা গিয়েছে, বাসটি বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত বাসটির ভাড়া ২৬৫ টাকা। তবে, নিয়ম মেনে মহিলাদের জন্য এই বাসে কোনও ভাড়া লাগবে না বলেই জানিয়েছেন বিধায়ক। এ বিষয়ে বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, ‘বালুরঘাটের মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হলো।’