নয়াদিল্লি: SIR বিতর্কে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। সেই আবহেই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট চালু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। দেশবাসী যাতে তাঁদের প্রতি হওয়া যাবতীয় অন্যায়, অবিচারের অভিযোগ জানাতে পারেন, তার জন্যই ওই ওয়েবসাইট চালু করা হল বলে জানিয়েছেন রাহুল।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের ঘোষণা করলেন রাহুল। ‘সত্যাগ্রহ: সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’ নামে ভিডিও বার্তা পোস্ট করে বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। কেউ ছাত্রছাত্রীদের কথা বলছেন, কেউ মহিলাদের কথা বলছেন, কেউ মূল্বৃদ্ধির প্রতিবাদ করছেন। বিরোধী দলনেতা হিসেবে চাইছিলাম, আন্দোলন সংক্রান্ত সব তথ্য এক জায়গায় মজুত রাখতে। সেই মতো সত্যাগ্রহ ওয়েবসাইট খুলেছি আপনাদের জন্য।”
রাহুল আরও বলেন, “যে অভিযোগই হোক, ছোট বা বড় অভিযোগ, নাম, সংগঠনের নাম লিখে জমা করুন। কী নিয়ে আন্দোলন করছেন জানান। আমরা যদি আপনাদের কাজে লাগতে পারি, যদি আমাদের সাহায্য় চান, আপনাদের সাহায্য় করতে পারলে আনন্দিত হব।”
রাহুল জানিয়েছেন, Gen Z, ছাত্রছাত্রী, কৃষক, জনজাতি, মহিলা-প্রত্যেক আন্দোলনের নিজ নিজ কাহিনি রয়েছে। কিন্তু একা মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। সব কণ্ঠস্বরকে মানচিত্রে তুলে ধরার জন্যই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা। মহাত্মা গাঁধীর অনুপ্রেরণাতেই যে ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা, তাও জানিয়েছেন রাহুল। তিনি বলেন, “আপনাদের কাহিনিও মানচিত্রে জায়গা পাবে। আপনার মতো আর কে লড়াই করছেন, জানতে পারবেন। সাধ্য়মতো সব করব আমি- সংসদের ভিতরে হোক বা রাস্তায়, চিঠি লেখা হোক বা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। বিরোধী দলনেতা হিসেবে এটা আমার দায়িত্ব।”
যে সময় রাহুল ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। SIR বিতর্কে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। ‘ভোটচুরি’র অভিযোগে বিরোধীরা যেমন রাস্তায় নেমেছেন, ককরোচ জনতা পার্টির ডাকে রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন সকলে। জ্ঞানেশ পদত্যাগ না করলে ১০ অক্টোবর থেকে ফের যন্তরমন্তরে আন্দোলনের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকে।