নদিয়ার থানাপাড়া থানার অন্তর্গত টোপলা গ্রামের পুরোনো পাড়ায় মঙ্গলবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পর পর ছয়টি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি বাড়ির ছাদে মজুত রাখা পাটকাঠির স্তূপে আগুন লাগে। সেখান থেকেই আগুন পর পর ছয়টি বাড়িতে ছড়িয়ে পড়ে। একসঙ্গে এতগুলো বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
স্থানীয় বাসিন্দাদের কথায়, আচমকাই আগুন দেখে তড়িঘড়ি সকলে মিলে ছুটে যান। খবর দেওয়া হয় দমকলে। তাঁদের অনুমান, রান্নাঘর থেকে আগুন ছড়ায় মজুত করা পাটকাঠির স্তূপে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গবাদি পশুর ঘর ও বোঝাই করে রাখা পাটকাঠির অন্য স্তূপে। স্থানীয়রা সকলে মিলে আগুন নেভানোর কাজে হাত দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে যায় পাটকাঠি-সহ গবাদি পশুদের ঘর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তেহট্ট বিধানসভার কেন্দ্রের বিধায়ক সুব্রত কবিরাজ এবং থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বিধায়ক জানান, রান্নাঘর থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল। পর পর ছয় থেকে সাতটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গবাদি পশুর ঘর ও পাটকাঠির স্তূপে আগুন লাগা ছাড়া হতাহতের খবর নেই। তবে যাদের বাড়িতে আগুন লাগে, তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর দেওয়া ত্রিপল পাঠানো হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত ও বিডিওর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক।