PMO আধিকারিক পরিচয়ে নবান্নে মন্ত্রীর সঙ্গে বৈঠক, আকাঙ্ক্ষাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে হাওড়ায় নিয়ে এল পুলিশ


প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসার পরিচয়ে নবান্নে পূর্তমন্ত্রীর সঙ্গে বৈঠকের অভিযোগে আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছিল হাওড়া সিটি পুলিশ। বৃহস্পতিবার তাঁকে দিল্লির আদালতে হাজির করানো হয়েছিল। সেখান থেকে শুক্রবার সকালে ট্রানজিট রিমান্ডে তাঁকে হাওড়ায় নিয়ে এল শিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পরে গাড়িতে করে আকাঙ্ক্ষাকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ দিনই তাঁকে হাওড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করানো হবে। ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে শিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের এক ব্যবসায়ী ইংরেজি মাধ্যমের একটি স্কুল তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। সেই সূত্রে আকাঙ্ক্ষা বিদ্যার্থীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। অভিযোগ, ওই মহিলা নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। বিজেপির একাধিক প্রথম সারির নেতার সঙ্গে তাঁর ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। কয়েক দিন আগে আকাঙ্ক্ষা সরাসরি ই-মেল করে পূর্তমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চান। সেই অনুযায়ী তাঁকে সাক্ষাতের সময় দেওয়া হয়।

গত বুধবার নির্দিষ্ট সময়ে গাড়ি নিয়ে তিনি সরাসরি নবান্নে পৌঁছন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। তখনই আসল ঘটনার পর্দাফাঁস হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তাদের অফিসে ওই নামে কোনও অফিসার কাজ করেন না। এর পরেই শিবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।

ততক্ষণে ওই মহিলা নবান্ন থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছেন। এর পরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মহিলা পুলিশ অফিসারদের নেতৃত্বে একটি তদন্তকারী দল দিল্লি রওনা দেয়। দিল্লির আনন্দ পর্বত থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আকাঙ্ক্ষা বিদ্যার্থীকে আটক করে পুলিশ। সেখান থেকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই মহিলা কী উদ্দেশ্যে ভুয়ো পরিচয় ব্যবহার করে নবান্নে গিয়েছিলেন, তাঁর সঙ্গে আর কেউ যুক্ত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post a Comment

Previous Post Next Post