নবান্নের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা, বাইকারোহী ও সিভিক ভলান্টিয়ার-সহ আহত ২
২৩ নভেম্বর,হাওড়া: নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। সোমবার অফিস টাইমে এই দুর্ঘটনায় এক বাইকারোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার-সহ দু'জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি বাইক ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। এরপর রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা। দ্রুত আহত দু'জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বাসচালক পলাতক বলে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে।