৩ কেজির বিরল ব্রেন টিউমার বাদ, নজির কল্যাণী এইমসে


ওজন প্রায় ৩ কেজি! মস্তিষ্কে গজিয়ে ওঠা বিরল ও প্রাণঘাতী ক্যান্সারপ্রবণ টিউমার অস্ত্রোপচার করে বাদ দিয়ে নজির গড়ল কল্যাণী এইমস। ২৬ বছরের এক যুবকের শরীর থেকে বাদ দেওয়া হয়েছে ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ শিথ টিউমার (এমপিএনএসটি)। হাসপাতালের দাবি, এত বড় আকারের এই ধরনের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়ার ঘটনা বিশ্বে বিরল। দেশের একাধিক প্রথম সারির চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার সুযোগ না পাওয়ার পরে শেষ পর্যন্ত কল্যাণী এইমসে অস্ত্রোপচার করানো সম্ভব হয়।

ফেসবুক পোস্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই জটিল অস্ত্রোপচারে সাফল্যের নেপথ্যে ছিল তাঁদের তিনটি বিভাগের সমন্বয় ও সুসংহত দক্ষতা। নিউরোসার্জারি বিভাগের নেতৃত্বে গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অ্যানাস্থেশিওলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। প্রায় ২.৯ কেজি ওজনের টিউমারটি বাদ দেওয়ার পাশাপাশি বিপুল রক্তক্ষরণের ঝুঁকি সামলানোও ছিল চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ।

কল্যাণী এইমস সূত্রে খবর, অস্ত্রোপচার চলাকালীন মোট ১৮ ইউনিট পিআরবিসি (প্যাকড রেড ব্লাড সেল) দেওয়া হয়েছে রোগীকে। এবং অস্ত্রোপচারের আগে ও পরে মিলিয়ে আরও ৮ ইউনিট পিআরবিসি-সহ রক্তের অন্য উপাদানও দেওয়া হয়। অর্থাৎ, শুধু লোহিত রক্তকণিকার হিসেবেই মোট ২৬ ইউনিট রক্ত–উপাদানের প্রয়োজন হয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় অস্ত্রোপচারের সময়ে এত বিপুল পরিমাণ রক্ত সঞ্চালনের প্রয়োজনকে বলা হয় 'আল্ট্রা ম্যাসিভ ট্রান্সফিউশন'। পরিস্থিতি অনুযায়ী দ্রুত রক্ত ও বিভিন্ন রক্তজাত উপাদানের জোগান নিশ্চিত করেছে এইমসের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্য দিকে, এত বড় অস্ত্রোপচারের পুরো সময়টা ধরে রোগীর শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ এবং রক্ত সঞ্চালন স্থিতিশীল রাখা ছিল অ্যানাস্থেশিওলজি বিভাগের কাছে বড় পরীক্ষা। দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব সামলানোর ফলেই অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে হাসপাতালের বক্তব্য। আর নিউরোসার্জারি বিভাগের কথা বলাই বাহুল্য। নিপুণ দক্ষতায় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ টিস্যু, রক্তজালিকা ও স্নায়ুর কোনও রকম ক্ষতি না করে ওই দৈত্যাকার টিউমারটি বাদ দেওয়া আক্ষরিক অর্থেই ছিল মস্ত চ্যালেঞ্জ।

চিকিৎসকরা জানাচ্ছেন, এমপিএনএসটি অত্যন্ত বিরল ধরনের ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমার। শরীরের বিভিন্ন স্নায়ুকে ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণ বা নার্ভ শিথের কোষ থেকে এর উৎপত্তি। দ্রুত বৃদ্ধি, আশপাশের কলায় অনুপ্রবেশ এবং শরীরের অন্যত্র দ্রুত ছড়িয়ে পড়ার মারাত্মক প্রবণতার কারণে এই ক্যান্সারের চিকিৎসা যথেষ্ট জটিল। টিউমারের আকার এতটা বড় হলে অস্ত্রোপচারের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। এই সাফল্যে হাসপাতালের কার্যনির্বাহী অধিকর্তার দূরদর্শী নেতৃত্ব ও উৎসাহের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি রোগী পরিষেবায় নতুন মাত্রা যোগ করছে বলে দাবি কল্যাণী এইমসের।


Post a Comment

Previous Post Next Post