নবান্নের বক্তব্য, যে কোনও সরকারি প্রকল্প রূপায়ণে নীতিগত সহায়তা, সমীক্ষা, গবেষণা, কারিগরি সহায়তার প্রয়োজন হয়। এত দিন এই ধরনের নলেজ বেসড ইনেসিয়েটিভস-এর কাজে বেসরকারি সংস্থার দ্বারস্থ হওয়ার প্রবণতা দেখা যেত। মূলত বেসরকারি পেশাদার সংস্থা ও ইনস্টিটিউটের উপরেই এক্ষেত্রে নির্ভর করত রাজ্য সরকার। মাঝেমধ্যে আইআইটি, আইআইএম-এর মতো প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া হতো।
রাজ্য সরকার এখন মনে করছে, এই ব্যাপারে শুধুই সরকারি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানগুলিকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হবে। তারা তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও গবেষণা সংক্রান্ত সামর্থ্যকে কাজে লাগাবে সরকারি কাজে। এ ছাড়াও এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলি নলেজ পার্টনার হিসেবে কাজ করলে সরকারি তহবিল ব্যবহারে স্বচ্ছ প্রতিযোগিতা, অর্থের সঠিক মূল্যায়ন হবে বলে অর্থ দপ্তর মনে করছে।
সরকারি বিজ্ঞপ্তিতে স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কড়া শর্তও আরোপ করা হয়েছে। বলা হয়েছে— কাজের গতি বাড়াতে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথাও। প্যানেলভুক্ত হলেই কোনও প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় ভাবে কাজ পাওয়ার অধিকারী হতে পারবে না। কাজের পদ্ধতি, সময়সীমা এবং পারিশ্রমিকের যৌক্তিকতা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যের নির্দেশ— এর জন্য প্রতিটি দপ্তরকে প্রথমে যোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলিকে নিয়ে একটি প্যানেল তৈরি করতে হবে। দপ্তরের প্রধান সেটা অনুমোদন করবেন। প্যানেলভুক্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কাজের বরাত দেওয়া হবে। দপ্তরের প্রধানকে প্রতিটি কাজের জন্য সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক মঞ্জুরি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি এবং নির্দিষ্ট শর্ত পূরণের উপরে ভিত্তি করেই ধাপে ধাপে প্রাপ্য অর্থ মেটাতে হবে। এজন্য অর্থ দপ্তরের আগাম সম্মতির প্রয়োজন হবে না। তবে খরচ বেশি হলে নিয়ম মেনে অর্থ দপ্তরের অনুমোদন নিতে হবে।