টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপ ফেটে সোমবার সকাল থেকে বিপত্তি। কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হলো, কোন কোন এলাকার জল সরবরাহ পরিষেবায় প্রভাব পড়তে পারে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেল ইয়ার্ডের ভিতরে ঘটনাটি ঘটে। একটি জল সরবরাহের অতি পুরোনো পাইপ ফেটে যায়। এর পরেই জলমগ্ন হয়ে পড়ে টালা এলাকা, পাইকপাড়া ও বেলগাছিয়া এলাকার একটা অংশ। বহু জায়গায় সকাল থেকেই জল নেই, নেই বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে চক্ররেল। কলকাতাগামী একাধিক ট্রেনও রিশিডিউল করা হয়েছে।
কোন কোন এলাকায় প্রভাব
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, ৮টি এলাকার কথা। এই সব জায়গায় জল সরবরাহ পরিষেবায় প্রভাব পড়তে পারে। ১. সিআর অ্যাভিনিউ ২. রাজাবাজার এলাকা ৩. পার্ক সার্কাস ৪. এজেসি বোস রোড ৫. কলেজ স্ট্রিট এলাকা ৬. বিধান সরণি ৭. বালিগঞ্জ ৮. কসবা এলাকা।
এক নজরে
কালীপুজোর পরের দিন সোমবার সকালে উত্তর কলকাতায় টালার ডিস্ট্রিবিউশন পাইপ ফেটে বিপত্তি।
পাইপ ফেটে প্রবল বেগে জল বের হতে থাকায় বনমালী সরকার স্ট্রিট এবং তার আশেপাশের এলাকায় জল জমে যায়।
জল জমে রেল ট্র্যাকেও। উত্তর কলকাতার সঙ্গে সংযোগকারী চক্ররেল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।
সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল সকাল জলজট ও ট্রেন বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
খবর পেয়েই পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপলাইনের জল সরবরাহ বন্ধ করে দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন।
কী বলছেন বিধায়ক
কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি এলাকায় পৌঁছে জানান, একদিকে জল নিকাশি ব্যবস্থা, অন্যদিকে পানীয় জল সরবরাহ, দু’দিকেই তাঁরা নজর রাখছে। রীতেশের কথায়, ‘এই এলাকা আসলে লোল্যান্ড। দেখবেন, বৃষ্টি হলে সব থেকে পরে জল বেরোয় আরজি কর থেকে। চারদিক থেকে জল এসে জমে। আসলে PWD গত ১৫ বছরে কোনও কাজ করেনি। অন্যদিকে সিপিএম রাস্তায় নেই, বিধানসভায় নেই। অথচ কোর্টে আছে। কলকাতা পুরসভার ভোটটা হলে এই কাজগুলো নিয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যেত। আসলে কোর্ট ছাড়া ওরা কিছু বোঝে না।’
পুরকর্তৃপক্ষের কী বক্তব্য?
সাতসকালের এই ঘটনার জেরে বনমালী সরকার স্ট্রিট, বিধান সরণির একাংশ, হাটখোলা-সহ লাগোয়া বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে যায়। এ দিনের ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে সংবাদমাধ্যমে জানান, পুরোনো পাইপে একটা লিকেজ ছিল। এটা একটা সাপ্লাই পাইপ, যেটা বুস্টারে দেওয়া হয়। কাজ চলছে।