‘...পুলিশকে খোলা ছুট দিয়েছি, সুপিরিয়রের অনুমতিও লাগবে না’, রায়গঞ্জে এনকাউন্টারের পরে হুঁশিয়ারি শুভেন্দুর


রায়গঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল দিলীপ রায়ের বিরুদ্ধে। সোমবার ভোররাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতির কালীপুজোয় গিয়ে খুনী ও ধর্ষকদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে খোলা ছুট দিয়েছি। যা প্রয়োজন তাই করবে।’ অবশ্য রায়গঞ্জের নাম নেননি তিনি।

গত মঙ্গলবার রায়গঞ্জে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের এক নাবালিকা। পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বেড়াতে গিয়েছিল। তার পরে আর বাড়ি ফেরেনি। দু’দিন পরে কুলিকের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। এর পরেই ধর্ষণ-খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এর মধ্যেই এ দিন ভোরে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছেন বলে খবর পায় পুলিশ। শুরু হয় অভিযান। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালান অভিযুক্ত দিলীপ রায়। পাল্টা তদন্তকারীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

এনকাউন্টার নিয়েই প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ সব অভিযুক্তকে গুলি করে না। যখন কেউ আক্রমণ করে, তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা আক্রমণ করে।’ একই সঙ্গে মাদক পাচার, ধর্ষণ-খুন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, ‘তিনটে ক্ষেত্রে পুলিশকে খোলা হাত দিয়েছি, সুপিরিয়দের অনুমতিও নিতে হবে না।’

পরে ওই পুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদক পাচারকারী, ধর্ষক এবং অনুপ্রবেশকারীদের এক সারিতে রেখে আক্রমণ শানান শুভেন্দু। তাঁর সাফ কথা, ‘এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই।’ এ পরেই নারীসুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং তা হচ্ছে।’

কমিউনিস্টদেরও একহাত নেন মুখ্যমন্ত্রী। দিমাগি নকশাল, জঙ্গি, বামপন্থী, জামাতকে এক সারিতে রেখে বলেন, ‘কিছু লোক এখনও চিমটি কাটছে। কমিউনিস্ট, জঙ্গি, জামাতিরা আছেই। এর সঙ্গে আরশোলা, ছারপোকারাও রয়েছে। তাদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে।’ দলের কর্মীদের উদ্দেশে তিনি জানান, ছাব্বিশের নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। সেটাকে বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।





Post a Comment

Previous Post Next Post