বাংলা সিনেমা বাঁচাতে আজ মুখ্যমন্ত্রীর বৈঠক



বাংলা সিনেমা বাঁচাতে এ বার সিনেমাহল ও মাল্টিপ্লেক্সের মালিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার সরকারি ছুটির দিনই নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। কয়েক জন অভিনেতা-অভিনেত্রীও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। বড় বাজেটের হিন্দি ছবির ভিড়ে বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স বা হলে পর্যাপ্ত শো পাচ্ছে না।
শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও একই চিত্র। তাই মুখ্যমন্ত্রী প্রথম দফায় বৃহত্তর কলকাতার হল মালিকদের সঙ্গে বসে কোনও সিদ্ধান্ত নিলে, পরবর্তীকালে জেলাতেও তা প্রতিফলিত হবে। ইতিমধ্য্যেই জেলায় বহু সিনেমাহল বন্ধ রয়েছে। এই বন্ধ হলগুলি খোলার জন্য সরকার কী করতে পারে তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। টলিউডের অন্দরে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
বাংলার সিনেমাকে বাঁচাতে হল ও মাল্টিপ্লেক্সগুলিতে স্থানীয় ছবির প্রদর্শন বাড়াতে চায় টলিউড। কারণ ভালো বাংলা সিনেমা তৈরি হলেও তা যথেষ্ট প্রদর্শনের জন্য হল বা মাল্টিপ্লেক্সে জায়গা পাচ্ছে না। ওটিটি-র উপরে নির্ভর করতে হচ্ছে। অভিনেতা–রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীও এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। তাঁরই পরমার্শে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে হল ও মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে আলোচনা বসতে চলেছেন বলে নবান্ন সূত্রের খবর।

Post a Comment

Previous Post Next Post