কলকাতা: শরীরে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, রেখা পাত্র (Rekha Patra)। সূত্রের খবর, খাবারে বিষক্রিয়া হয়েছে হিঙ্গলগঞ্জের বিধায়কের। আর সেখান থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও, এখনও বিপদমুক্ত নন তিনি। চলছে চিকিৎসা। আর রেখা পাত্রের পরে এবার অসুস্থ হয়ে এস এস কে এম (SSKM) হাসপাতালে ভর্তি হলেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ।
রেখা পাত্রের পরে হাসপাতালে ভর্তি আরও এক বিজেপি বিধায়ক
জানা গিয়েছে, রবিবার হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে (Hemanta Bag)। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)-এ নিয়ে আসা হয় বিধায়ককে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত থেকে, অ্যাম্বুল্যান্সে করে তাঁকে কলকাতায় নিয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও। রবিবার দুপুরে একটি কর্মসূচিতে থাকাকালীন, হঠাৎই কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় হেমন্ত বাগের। এরপর তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এদিন সকালেই আরামবাগ এসে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বর্তমানে কলকাতায় চিকিৎসা চলছে আরামবাগের বিধায়কের।