সোমবার মেয়ো রোড থেকে তৃণমূলের ভাষা-আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনাবাহিনী। তা নিয়ে কম চাপানউতোর হয়নি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগ তুলে তা আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ। সেনার ট্রাকটি এবং জওয়ান, আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। সূত্রের খবর, মোটর ভেহিক্যাল অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
সেনা ট্রাকের ঠিক পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। তাঁর নিরাপত্তার কারণে সেনার গাড়ি আটকানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও বেপরোয়া গতির বিষয়টি অস্বীকার করে সেনার তরফে জানানো হয়েছে, মহাকরণের সামনে থেকে গাড়িটি বাঁক নেওয়ার সময়ই পুলিশ তা আটকে দেয়।