গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সোমবার (১ সেপ্টেম্বর) লাল-হলুদ ব্রিগেডের পক্ষ থেকে এই কথা ঘোষণা করে দেওয়া হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতিতে বলা হয়েছে, 'পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং ইস্টবেঙ্গল এফসি-র যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হল। এই ক্লাবের হয়ে খেলার জন্য দিমিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।'
গত বছর যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর জুন মাসে দিয়ামান্তাকোস লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছিলেন। কেরালা ব্লাস্টার্স এফসি থেকে তিনি ইস্টবেঙ্গল দলে যোগ দেন। তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছিল। কলকাতার এই ফুটবল ক্লাবের হয়ে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস মোট ৩২ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ১২ গোল করেছেন। আর চারটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন।
অন্য়দিকে, আন্তর্জাতিক স্তরে গ্রিক স্কোয়াডের সদস্য ছিলেন দিয়ামান্তাকোস। ২০১২ সালে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিলেন তিনি। এর পাশাপাশি গ্রিসের সিনিয়র ফুটবল দলের হয়েও তিনি পাঁচটি ম্য়াচ খেলেছেন।