অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু


রামপুরহাট: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক তিনি। তৃণমূল আমলে বিধানসভার ডেপুটি স্পিকার পদেও আসীন হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস। রাজ্যে পালাবদলের পর জেলা তৃণমূলের চেয়ারম্য়ানের পদ ছেড়ে দেন। তাঁর রহস্যমৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। উদ্ধার হয়েছে একটি নোটও, যা সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত অনুরাগী থেকে রাজনীতিকরা। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জীবনের শেষ দিন পর্যন্ত 'মাস্টারমশাই' হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
বীরভূমের ভূমিপুত্র আশিস। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। PhD-ও সম্পূর্ণ করে সেখানেই। ছাত্রাবস্থাতেই  রাজনীতিতে যোগ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে অধ্যাপনায় প্রবেশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রামপুরহাট কলেজে বাংলার অধ্যাপক হিসেবে কাজে যোগ দেন আশিস। পাশাপাশি, রাজনীতির সঙ্গে সম্পর্ক ক্রমশ গাঢ় হয়। 

বীরভূম সেই সময় লাল-গড়। রাজ্য রাজনীতিতে বামেদের একচ্ছত্র আধিপত্য। সেই সময়, ২০০১ সালে রামপুরহাট বিধানসভা থেকে নির্বাচিত হন আশিস। সেই প্রথমবার রামপুরহাটের বিধায়ক হন তিনি। এর পর ২০০৬, ২০১১, ২০১৬ এবং ২০২১ সালেও রামপুরহাট থেকে পুনর্নির্বাচিত হন। ২০১৪ সালে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পান আশিস। আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হন। পরের বছর আবার বায়োটেকনোলজি, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব হাতে পান তিনি।

২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী হন আশিস। ২০২১ সালের ২ জুলাই থেকে ২০২৬ সালের ৭ মে পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও রামপুরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আশিস। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। পরিচ্ছন্ন ভাবমূর্তি, নিজের কাজকে সামনে রেখেই ভোটের প্রচারে নামেন। রামপুরহাটের মানুষের উপর পূর্ণ আস্থা ছিল তাঁর। কিন্তু ফল বেরোতে দেখা যায়, বিজেপি-র ধ্রুব সাহা জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আশিস। 


Post a Comment

Previous Post Next Post