*কুল্পিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে ১৮টি তাজা বোমা, বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার*
রেবতী মালি দক্ষিণ ২৪ পরগনা।
কুল্পির গাজীপুর পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় এক তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি তাজা বোমা, একটি বন্দুক এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। শনিবার ভোরে SOG ও কুল্পি থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে দৌলতপুর এলাকায় ওই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উদ্ধার হওয়া বোমাগুলি তাজা হওয়ায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে কুল্পি থানার পুলিশ। অস্ত্র ও বিস্ফোরকগুলি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।