দেখতে দেখতে পাঁচ মাস পার। আক্রমণ-প্রতি আক্রমণ বন্ধ হওয়া তো দূরে থাকে উল্টে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে ইরান যুদ্ধ। এর জেরে মার্কিন সামরিক কর্তা-ব্যক্তিদের চওড়া হচ্ছে কপালের ভাঁজ। তার উপর পারস্য উপসাগরে শিয়া ফৌজের একটি হাতিয়ার রাতের ঘুম উড়িয়েছে তাঁদের। আদর করে তেহরান তার নাম রেখেছে ‘খেইবার শেকান’, যার অর্থ খাইবারের দুর্গ ধ্বংসকারী।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের পদস্থ সেনাকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদেরই একজন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘‘পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করতে রণকৌশলে বড় বদল এনেছে ইরান। এর জন্য খেইবার শেকান নামের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তারা। মাঝ-আকাশে এটা বিদ্যুৎ গতিতে রাস্তা বদল করতে সক্ষম।’’