কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর সংলগ্ন বাড়িতে এ বার ‘ফায়ার অডিট’ শুরু করল দমকল দফতর। পুরসভার আধিকারিকদের পর এ বার দমকলের আধিকারিকেরাও সেখানে গিয়ে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশও।
জানা গিয়েছে, সোমবার দমকলের আধিকারিকেরা ওই বাড়িতে গিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ-সহ নিরাপত্তার বিভিন্ন দিক পরীক্ষা করছেন। ভবনে অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কি না, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। অডিটের সময় দমকলের আধিকারিকদের সঙ্গে পুলিশের উপস্থিতিও নজরে এসেছে।
এর আগে কলকাতা পুরসভার আধিকারিকেরাও ওই বাড়িতে গিয়ে বিভিন্ন বিষয় পরিদর্শন করেছিলেন। তার পরেই দমকলের এই ‘ফায়ার অডিট’ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
তবে কী কারণে এই মুহূর্তে ওই ভবনে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত পরিদর্শন করা হচ্ছে, সে বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। দমকলের অডিটে কোনও ত্রুটি বা ঘাটতি ধরা পড়ে কি না, এখন সে দিকেই নজর। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।