ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেকের PA সুমিত রায়কে এবার নোটিস, তার বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম



কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের বাড়িতে গিয়েছে শেক্সপিয়র থানার পুলিশ। অভিষেকের আপ্তসহায়ককে নোটিস দিতে তাঁর বাড়িতে যায় পুলিশ। অভিষেকের PA-র নিউ আলিপুরের বাড়িতে পুলিশের টিম পৌঁছেছিল রবিবার সন্ধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনের পর এবার সুমিতের বাড়িতে ক্যামাক স্ট্রিটকাণ্ডে নোটিস নিয়ে পৌঁছয় পুলিশ। রবিবার সকালে নোটিস দেওয়া হয় ডেরেক ও'ব্রায়েনকে। এর আগে ক্যামাক স্ট্রিটকাণ্ডে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ ও পুরকর্মীরা বিল বোর্ড খুলতে গেলে তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথমে অফিসে ঢোকার আগেই পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়া হয়। তারপর অফিসের ভিতরে পুলিশের সঙ্গে অভিষেকের নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়।
অফিসের কর্মীরাও বচসায় জড়িয়ে পড়েন পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তুমুল বচসা হয় পুলিশ ও পুরকর্মীদের। চোখের নিমেষে তুলকালাম শুরু হয়ে যায় অফিসের ভিতর। এই ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধাদান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মহিলা পুলিশের শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মোট ৩টে এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ২টোতেই না রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও এফআইআর- এ নাম রয়েছে ডেরেক ও'ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের। এবার এই ক্যামাক স্ট্রিটের ঘটনায় হওয়া মামলাতেই নোটিস পাঠানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ওপরে থাকা বিলবোর্ড খোলা ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় আরও সক্রিয় হল পুলিশ। জোড়া FIR আগেই দায়ের হয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে নোটিস ধরাল পুলিশ। সোমবার বেলা ১২টায় ডেরেক ওব্রায়েন, মঙ্গলবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বুধবার সুমিত রায়কে তলব করেছে শেক্সপিয়র সরণি থানা।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা বিল বোর্ড ছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ছাদে। সেই বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে, বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ক্য়ামাক স্ট্রিটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢোকার সময় বাধার মুখে পড়তে হয় পুলিশ ও পুরসভার আধিকারিকদের। এমনকী বাধা কাটিয়ে ওপরে ওঠার সময় পুলিশ অফিসারদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ছবিও সামনে আসে। 

Post a Comment

Previous Post Next Post