ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ক্যাশলেস অর্থনীতিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার সেই ইউপিআই লেনদেনেই অতিরিক্ত ফি বসানোর উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার অর্থমন্ত্রকের জারি করা নির্দেশিকায় অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর কথা জানানো হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা।
‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী বাদল অধিবেশনেই পাশ হয়েছিল। সেই সংশোধনীতে অনলাইন আর্থিক লেনদেনে ফি আরোপের প্রস্তাব রাখা হয়। সূত্রের খবর, ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনে ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত MDR বসতে পারে। তবে ঠিক কত হারে ফি নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
নির্দেশিকা অনুযায়ী, ২২ সদস্যের একটি কমিটি ইউপিআই লেনদেনের জন্য MDR-এর কাঠামো নির্ধারণ করবে। সেই কাঠামো অনুযায়ী পরবর্তী সময়ে ফি কার্যকর হবে।
কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করে রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষকে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করার পর এখন লেনদেনের উপর অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে। বিরোধীদের একাংশের দাবি, এই সিদ্ধান্ত ‘মার্কিন তোষণ’-এর নীতিরই প্রতিফলন। ফলে UPI-তে সম্ভাব্য ফি নিয়ে রাজনৈতিক বিতর্কও ক্রমশ তীব্র হচ্ছে।